চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতের দাবিতে ওরা ১১ জন

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম

ওরা ১১ জন। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড়ের পরে সারিবদ্ধভাবে দাঁড়ানো ওরা। হাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি সম্বলিত ব্যানার। চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মৃত্যুর মিছিল থামাতে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন ১১ জন আন্দোলনকারী৷

'আমরা ১১ জন (নিহত)' এর ব্যানারে কাফনের কাপড় পরে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে রওয়ানা হন বুধবার সকালে। এ দল কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। পরে প্রধান উপদেষ্টার বরাবরে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তারা কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের হাতে দেন।

আন্দালনকারীদের প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পাল জানান, গত ১ এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের অবয়ব ধারণ করে তারা কক্সবাজার অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন। যাত্রাপথে তারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচি পালন করেন।

তিনি জানান, এই সড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করতে হবে৷ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাড়ি চট্টগ্রামে সুতরাং গুরুত্ব বিবেচনায় এই সড়কটি ছয় লেনে রূপান্তর করতে তিনি উদ্যোাগ নেবে। এ ছাড়া এই সড়ক দিয়ে কক্সবাজার থেকে পরিবহন করা লবণ গাড়ি চলাচল বন্ধের দাবিও জানান তারা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে ঈদুল ফিতরের প্রথম তিনদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত