হাজরে আসওয়াদের সামনে শৃঙ্খলা রক্ষার নির্দেশ

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১২:১৫ এএম

সৌদি সরকার মক্কার মসজিদে হারামে অবস্থিত হাজরে আসওয়াদের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকার পরামর্শ দিয়েছে। তারা বলেছে, এ ধরনের আচরণ মুসল্লিদের চলাচলে বিঘœ ঘটায়। সৌদি হজ মন্ত্রণালয় ব্যাখ্যা করেছে, ওমরাহ বা ছোট হজ পালনের সময় হাজরে আসওয়াদের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে মসজিদে হারামের প্রধান চত্বরে তাওয়াফরত হাজিদের গতিশীলতা বাধাগ্রস্ত হয়। হজ মন্ত্রণালয় হাজিদের এই আচরণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে, কারণ হাজরে আসওয়াদের সামনে থেমে দাঁড়ালে তাওয়াফ চলাকালে ভিড় ও ঠেলাঠেলির সৃষ্টি হয়। কিছু হাজি কখনো কখনো পবিত্র পাথরটি স্পর্শ বা চুম্বন করার জন্য ধাক্কাধাক্কি করে থাকে। মন্ত্রণালয় জানিয়েছে, তাওয়াফের শুদ্ধতার জন্য হাজরে আসওয়াদের সামনে থেমে দাঁড়ানো আবশ্যক নয়; বরং চলার পথে দূর থেকে ইঙ্গিত করাই যথেষ্ট।

ওমরাহর প্রধান আনুষ্ঠানিকতা হলো, পবিত্র কাবা শরিফের চারপাশে সাতবার তাওয়াফ করা এবং সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার সাঈ করা। এবারের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি হজ মন্ত্রণালয়, আগামী ২৯ এপ্রিল বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে।

-গালফ নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত