বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সংস্কার নিয়ে আমাদের দলের কোনো দ্বিমত নাই। কিন্তু সংস্কারের জন্য একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন চাই না। আমরা সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। একটা দেশ প্রতিনিধিত্বশীল ছাড়া চলতে পারে না। এ কারণে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক, জনপ্রতিনিধিত্বশীল, জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড় হিজলী মাদ্রাসা মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, যদি ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে নির্বাচন হয়, তবে ভালো। তবে জুন মাসে নির্বাচনের কথা বললে তখন অবাক লাগে, কারণ ওই সময়ে ঝড়, বৃষ্টির সময়। দেশে রাজনৈতিক সরকার না থাকলে দেশে বিনিয়োগ হয় না। এ কারণে দ্রুত নির্বাচন দিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়নসহ বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে সরকার বিধি অনুযায়ী ও আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
এরআগে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল আউয়ালের সঞ্চালনায় এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও লাল তীর সীডের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার জনি খান, লাল তীর সীডের জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বালিয়াকান্দি সরকারি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, লাল তীর বীজের ডিলার অসিম শিকদার, কৃষক আব্দুর রাজ্জাক, লাল তীর বীজের ডিলার স্বাধীন খান, আব্দুল হামিদ প্রমুখ। এসময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জরুল আলম দুলাল প্রমুখ বক্তৃতা করেন। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
