জীবাশ্ম জ্বালানিনির্ভর মহাপরিকল্পনা পুনর্বিবেচনার দাবি

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪০ এএম

বিশ্বের বিভিন্ন দেশের মতো ঢাকায়ও ‘জলবায়ু ধর্মঘট’ পালন করেছে দেশের তরুণ জলবায়ুকর্মীরা। সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা (আইইপিএমপি) বাস্তবায়ন হলে ব্যয়বহুল ও দূষিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরও বাড়বে মন্তব্য করে কর্মসূচিতে এটি দ্রুত সংশোধনের দাবি জানানো হয়। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানান বক্তারা। বর্তমান পরিকল্পনা জলবায়ু লক্ষ্যগুলোর সঙ্গে সাংঘর্ষিক এবং এর ফলে দেশের জলবায়ু সংকট আরও গভীর হতে পারে  বলে উদ্বেগ জানিয়েছেন তারা। 

বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে ২০০ জনেরও বেশি তরুণ জলবায়ুকর্মী রঙিন ব্যানার, পোস্টার ও সেøাগানের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। ‘ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই’ শীর্ষক সেøাগানে মুখরিত ছিল সমাবেশস্থল।

জলবায়ু পরিবর্তনের সংকট তুলে ধরে জলবায়ুকর্মীরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে জ্বালানি নীতিতে নবায়নযোগ্য উৎসগুলোকে অগ্রাধিকার দিতে হবে। কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতে বিশ্বের উন্নত দেশ এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বন্ধ করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশের বর্তমান সরকারকে জলবায়ু ও পরিবেশের জন্য ইতিবাচক আখ্যা দিয়ে তারা বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে নতুন সরকারকে কাজ করতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন জলবায়ু সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দূষণকারী উন্নত দেশগুলোকে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জোর দাবি জানানো হয় সমাবেশে। একইসঙ্গে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জলবায়ু ঋণ নিঃশর্ত মওকুফের দাবি জানিয়েছেন তরুণ জলবায়ুকর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত