রাফায়েলের জোড়ায় আবাহনীর এক হালি

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পিএম

ফেডারেশন কাপে গত মঙ্গলবার বসুন্ধরা কিংসের বিপক্ষে জয় দিয়ে মাঠে ফেরার দীর্ঘ অপেক্ষা শেষ করেছিল আবাহনী। চার দিন পর আজ প্রিমিয়ার লিগের ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের জালেও এক হালি গোল দিয়েছে মারুফুল হকের শিষ্যরা।

মার্চে ক্লাবে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল অগাস্ত পেয়েছেন জোড়া গোলের দেখা। বাকি দুটো গোল করেছেন অধিনায়ক মোহাম্মদ হৃদয় এবং সুমন রেজা। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচটি আবাহনী জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।

ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথমার্ধে গোল মুখের সন্ধান খুঁজে পায়নি আবাহনী। তবে দ্বিতীয়ার্ধেই বদলে যায় খেলার ধরন। বিরতির পর তিন মিনিটের মাথায় প্রথমবার জালের দেখা পান রাফায়েল। এর তিন মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন সুমন।

৫৫ মিনিটে পেনাল্টি পায় ওয়ান্ডারার্স। সেখান থেকে মিতুল মারমাকে পরাস্ত করে এক গোল শোধ করেন ফরোয়ার্ড সাকিব ব্যাপারী। তবে দুই মিনিট যেতেই আরও এক গোলের লিড নেয় আবাহনী। এ যাত্রায় গোল করেন দলের অধিনায়ক হৃদয়। খেলার শেষ দিকে রাফায়েল দ্বিতীয়বার জালের দেখা পেলে ৪-১ গোলের লিড নেয় আবাহনী।

ব্রাদার্সের বিপক্ষে দুই অর্ধে দুইবার স্কোর করে ফর্টিস। প্রথমার্ধের শেষ মিনিটে কামাচাই মারমার গোলে এগিয়ে যায় ক্লাবটি। ম্যাচের ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবোউ। এ নিয়ে লিগে সবশেষ তিন ম্যাচেই জয়ের দেখা পেল ফর্টিস। ১৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের পাঁচে। আর ২৬ পয়েন্ট নিয়ে দুইয়েই রয়েছে আবাহনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত