যেন সিনেমার চিত্রনাট্য! হায়দরাবাদের ঘরের মাঠে পাঞ্জাব কিংস ঝড় তুলল ব্যাটে। ২৪৫ রানের পাহাড় বানাল শ্রেয়াস আইয়ার, স্টয়নিস, প্রভসিমরনদের ঝড়ো ইনিংসে। মনে হচ্ছিল, ম্যাচ প্রায় পকেটে। কিন্তু তখনও যে চিরকুট লেখা বাকি ছিল!
চিরকুট মানেই শেষরক্ষা, উৎসব, আর নাটকীয়তা। আর সেই নাটকের নায়ক—অভিষেক শর্মা। শুধু জবাব নয়, ইঁটের বদলে পাথর ছুড়লেন। ৫৫ বলে ১৪১ রান! আইপিএল ইতিহাসে গেইল ও ম্যাকালামের পর তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
হায়দরাবাদের ওপেনিংয়ে ট্র্যাভিস হেড শুরুটা জমিয়ে দেন ৩৭ বলে ৬৬ রানে। এরপর নামেন অভিষেক। ১৯ বলে ফিফটি, ৪০ বলে শতরান, আর ১৪টি চার ও ১০টি ছক্কায় সাজানো ১৪১ রানের ইনিংস। ইনিংস শেষে পকেট থেকে একটা চিরকুট বের করে তুলে ধরলেন অভিষেক। তাতে লেখা-This one is for the Orange Army’ অর্থাৎ ‘এটা অরেঞ্জ আর্মির জন্য।’ "Orange Army" হল সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকদের উপাধি বা ডাকনাম।
অবশেষে ১৮.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলে নেয় সানরাইজার্স। আইপিএলে রান তাড়া করে দ্বিতীয় সর্বোচ্চ জয়। পাঞ্জাবের ২৪৫ রানও হারিয়ে গেল অভিষেকের তাণ্ডবে।
