রিয়ালকে হারিয়ে এসে ব্রেন্টফোর্ডের সাথে ড্র আর্সেনালের

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:০৬ এএম

প্রিমিয়ার লিগ শিরোপা এখন লিভারপুলের একরকম নাগালের মধ্যেই। নাটকীয় কিছু না ঘটলে অলরেডদের চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা। আর এই নাটকীয়তার সম্ভাব্য একমাত্র পরিচালক আর্সেনাল যেন নিজেই সেই দায়িত্ব নিতে চাইছে না।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মতো প্রতিপক্ষকে পরাস্ত করা দলই ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট খুইয়ে বসল! এমিরেটসে শনিবার রাতে ১-১ গোলে ড্র করে শিরোপার লড়াইয়ে নিজেরাই পেছনে পড়ে গেল মিকেল আরতেতার দল।

এর আগে গত ম্যাচেও এভারটনের বিপক্ষে পয়েন্ট হারিয়েছিল আর্সেনাল। পরপর দুই ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়াল ৩২ ম্যাচে ৬৩। এক ম্যাচ কম খেলা লিভারপুল এরই মধ্যে ৭৩ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে গেছে। আজ ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে জয় পেলে ১৩ পয়েন্টের বিশাল ব্যবধানে শীর্ষে অবস্থান পাকা করবে তারা। তখন বাকি সাত ম্যাচে মাত্র ৯ পয়েন্ট পেলেই নিশ্চিত হবে শিরোপা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণভাগে আধিপত্য দেখায় আর্সেনাল। বল দখল, পাসের গতি কিংবা আক্রমণ—সব জায়গাতেই স্পষ্ট ছিল তাদের নিয়ন্ত্রণ। তবে গোলের দড়ি ছেঁড়ার কাজটা হচ্ছিল না কিছুতেই।

অবশেষে দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৬১ মিনিটে থমাস পার্টির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৭৪ মিনিটে ব্রেন্টফোর্ডকে সমতায় ফেরান ইউয়ানে ভিসা। এরপরও আক্রমণ চালিয়ে গেছে আর্সেনাল, কিন্তু শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর গোলের দেখা পায়নি তারা।

ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের জন্য পথটা হয়ে গেল আরও সহজ। অন্যদিকে, সম্ভাবনার মুখোমুখি হয়েও বারবার ব্যর্থতার ছায়ায় ঢাকা পড়ছে আর্সেনালের স্বপ্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত