পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা রঙিন হওয়ার আগেই ফিকে হয়ে গেল লিটন কুমার দাসের। আঙুলের চোটে পড়েছেন মাঠের বাইরে ছিটকে গেছেন, খেলতে পারলেন না একটি ম্যাচও। হতাশা আর আক্ষেপ নিয়ে দেশে ফিরেছেন এই টাইগার উইকেটরক্ষক-ব্যাটার।
চোট নিশ্চিত হওয়ার পরই পাকিস্তান থেকে রওনা দেন লিটন। শনিবার (১২ এপ্রিল) রাতে ঢাকায় পৌঁছান তিনি। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশা গোপন করেননি, বরং স্পষ্ট করে বলেন, 'আমার মনে হয় আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম।'
করাচি কিংসের হয়ে এবারের পিএসএলে খেলার কথা ছিল লিটনের। তবে শুরুতেই অনুশীলনের সময় বাঁ হাতের আঙুলে চোট পান তিনি। পরে স্ক্যান করালে ধরা পড়ে চিড়, যার ফলে অন্তত দুই সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। করাচি কিংসও দেরি করেনি। লিটনের পরিবর্তে দ্রুতই দলে নিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার বেন ম্যাকডারমটকে।
তবে করাচি ফ্র্যাঞ্চাইজির আচরণে সন্তুষ্ট লিটন। বলেন, 'তারা যথেষ্ট সহানুভূতিশীল ছিল। পুরো সিদ্ধান্ত আমার ওপর ছেড়ে দিয়েছিল। কতটুকু ব্যথা হচ্ছে, সেটা বুঝে নিতে আমাকে সময় দিয়েছে। চোট পেলে সাধারণত ২-৩ সপ্তাহ লাগে সেরে উঠতে। অনুশীলন ছাড়া এমন টুর্নামেন্টে খেলা খুব কষ্ট।'
পিএসএলে নিজের কোনো অবদান না রাখতে পারার আক্ষেপ নিয়েই ফিরতে হলো লিটনকে। তার ভাষায়, 'সামনে জাতীয় দলের খেলা আছে। তাই রিকভারিটাকে গুরুত্ব দিচ্ছি। এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি, যা হয়েছে লসই হয়েছে।'
প্রসঙ্গত, লিটনের দল করাচি কিংস এবারের পিএসএলে শুরু করেছে জয় দিয়ে। শনিবার তাদের প্রথম ম্যাচে ২৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই মুলতান সুলতান্সকে হারিয়েছে তারা। ম্যাচে সেঞ্চুরি করেন ইংলিশ ওপেনার জেমস ভিন্স।
তবে লিটনের না খেলার হতাশা ঢেকে দিয়েছে না বলা এক দীর্ঘশ্বাস—যা মাঠে নয়, রয়ে গেল মনে।
রোনালদোর জোড়ায় ঘুরে দাঁড়িয়ে আল নাসরের জয়
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারে আগ্রহ নেই কারও, বিপাকে বিসিবি