হাসিনা-পুতুলের পর রেহানা-টিউলিপের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম মামলায় আদালত এ আদেশ দেন।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকা মহানগর আদালতে মামলার পর্যালোচনা শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এই মামলায় দুদক অভিযোগ করেছে, ব্রিটিশ এমপি হিসেবে টিউলিপ তার প্রভাব খাটিয়ে খালা শেখ হাসিনাকে দিয়ে নিজের মা শেখ রেহানা, ভাই রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও বোন আজমিনা সিদ্দিকের জন্য রাজধানীর পূর্বাচলে নিজের প্লট বাগিয়ে নেন। 

দুদকের অভিযোগ, টিউলিপের সিদ্দিকের চাপে শেখ হাসিনা রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলে ৬ হাজার ২১৩ একরের ‘পূর্বাচল নিউ টাউন প্রজেক্ট’-এ তাদের প্রত্যেককে একটি করে প্লট বরাদ্দ দেন।

এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে টিউলিপ এমপি থাকা অবস্থায় বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। একইসঙ্গে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণের আবেদন করতে পারবে।

মামলাটি তদন্ত করে গত ১০ মার্চ অভিযোগপত্র দাখিল করেন আফনান জান্নাত কেয়া। এজাহারের ১৬ আসামির সঙ্গে আরও দুজনের নাম যোগ করে মোট ১৮ জনের বিরুদ্ধে ওই অভিযোগপত্র আদালতে জমা দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত