কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরি করতে পারেননি। সাদমান ইসলাম থেমেছেন তিন অংকের খুব কাছে গিয়েও আউট হয়ে ফিরে গেছেন। ফিফটি পেয়েছেন আরও দুজন। একজন হাফ সেঞ্চুরির দেখা পাননি দুই রানের জন্য। তবুও দলীয় রান ৫০ ওভার শেষে দাঁড়িয়েছে ৩০৬।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৩০৭ রানের লক্ষ্য দিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
অগ্রণীর হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন সাদমান ইসলাম। দলীয় ১৮৯ রানে রূপগঞ্জের দ্বিতীয় উইকেট হিসেবে শিকার হন তিনি। সাদমান যখন আউট হন তখনও ১৪ ওভার বাকি ছিল। আরেকটু ধৈর্য ধরে খেললে সেটা সেঞ্চুরি হতে পারত। কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানদের চিরচেনা সেই অভ্যাসের ধারাবাহিকতায় তিনিও বিলিয়ে দিয়ে আসেন উইকেট। ১০৪ বলের ইনিংসটি সাজানো ছিল ১২টি চারের সাহায্যে।
এছাড়া ইমরানুজ্জামান ৬৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫০ রান করে আউট হন। ৬৬ বলে চার বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৯ রান করেন অমিত হাসান। মার্শাল আইয়ুব আউট হন ৪৮ রান করে। ৩৬ বলে ছয় চার ও এক ছক্কা আসে তার ব্যাট থেকে। শুভাগত ১৩ বলে ২০ রান করেন।
রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা। তবে মাত্র ৬ ওভার বল ঘুরিয়ে তিনি খরচ করেন ৪৭ রান। শরিফুল ১০ ওভারে ২ মেইডেনসহ একটি উইকেট পেলেও খরচ করেছেন ৫২ রান। এছাড়া শেখ মাহেদি, সাইফ হাসান ও সাইমুম বাশির নিয়েছেন একটি করে উইকেট।
৩০৭ রানের লক্ষ্য নিয়ে একটু পর ব্যাট করতে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ।
‘পাওয়ার চেয়ে বেশি হারালাম’, পাকিস্তান থেকে ফিরে লিটন