কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে একজনের মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছকিলা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, স্বামী বাড়ীতে না থাকায় নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন ছকিলা বেগম। রাত ৪টার দিকে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি গাছ উপরে ছকিলা বেগমের ঘরের উপর পরে। এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মারা যান।

ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন উঠে ঘরের উপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত