প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বর্তমান বিচারব্যবস্থা একটি দ্বৈত ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে, তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি। আমি দায়িত্ব নেওয়ার পর ১২ দফা নির্দেশনা দিয়েছি, সেই আঙ্গিকে বহু কার্যক্রম সুপ্রিম কোর্ট ও জেলা পর্যায়ে গৃহীত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে খুলনার আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংস্কারের মাধ্যমে বিচার ব্যবস্থায় যে অনিয়ম রয়েছে তা দূর হবে এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহিতাও নিশ্চিত হবে। এ জন্য বিচারিক বেঞ্চ, বার ও গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে। এরই অংশ হিসেবে আমি বিভিন্ন বিভাগীয় শহর পরিদর্শন করছি।
তিনি আরও বলেন, সব আঙ্গিক দেখে আমি একটা হোলস্টিক অ্যাপ্রোচ নিয়ে নেমেছি। এটা আমার ব্যক্তিগত নয়, এটা আমাদের সমষ্টিগত। আমি মাঠপর্যায়ে মনিটরিং করছি, দেখেছি যার অনেক কিছু ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।
এ সময় ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন, সুইডেন ও ইউনাইটেড কিংডমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে তিনি আদালত চত্বরে ফলদ গাছের চারা রোপন করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার