রায়পুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ 

আরও একজনের মৃত্যু, গ্রেপ্তার ১

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে খাসেরহাট এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জসিম উদ্দিন ব্যাপারী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন ব্যাপারী। তিনি সাতদিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাইজ উদ্দিনসহ এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনও কয়েকজন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। নিহত জসিম উদ্দিন ব্যাপারী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ৬নং ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইঁয়া। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইঁয়া বলেন, নিহত জসিম এর আগে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এ ছাড়া সাইজ উদ্দিন হত্যা মামলায় জলিল লস্কর নামে একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 

উল্লেখ্য, গত সোমবার আধিপত্য বিস্তার নিয়ে রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী মারা যান। এতে অন্তত ১৫ জন আহত হয়। ১৫টি বাড়িঘর হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার তিনদিন পর নিহতের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬ জনকে আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত