লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, চার পাকিস্তানিসহ নিহত ১১

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম

লিবিয়ার হারাওয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবির ঘটনায় চার পাকিস্তানিসহ ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। চারজন পাকিস্তানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ায় নিযুক্ত পাকিস্তানি দূতাবাস।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের বার্তায় জানানো হয়, শনিবার (১২ এপ্রিল) সিরতে শহরের নিকটবর্তী হারাওয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যায়। এখন পর্যন্ত সাগর থেকে ১১টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। দূতাবাসের একটি প্রতিনিধি দল সিরতে গিয়ে মৃতদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে চারজন পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছে।

শনাক্ত হওয়া চারজন নিহত পাকিস্তানি হলেন- জাহিদ মাহমুদ, সামির আলি, সৈয়দ আলি হুসাইন, আসিফ আলি। তাদের মধ্যে তিনজনের বাড়ি মাণ্ডি বাহাউদ্দিনে এবং একজনের বাড়ি গুজরানওয়ালায়।

পাকিস্তানি দূতাবাস স্থানীয় লিবিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং দুর্ঘটনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ ও বাকি মৃতদেহ শনাক্তকরণে সহায়তা করছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত