কালিয়াকৈরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পিএম

গাজীপুর জেলার কালিয়াকৈরে নিজের মাটির ঘর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়াচালা হাওরিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে তার বৃদ্ধ স্বামী পলাতক রয়েছে। বৃদ্ধা কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা হাওরিয়াচালা এলাকার কাজীম উদ্দিনের স্ত্রী আছিয়া খাতুন (৬৫)।

এলাকাবাসী, বৃদ্ধার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা হাওরিয়াচালা এলাকার কাজীম উদ্দিন ও তার স্ত্রী আছিয়া খাতুনের সঙ্গে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ হয়ে আসছিল। এর ধারাবাহিকতায় সোমবার বিকেল ৩টার দিকে তাকে মারধর করেন তার স্বামী কাজীম উদ্দিন। এরপর ওইদিন রাতে পৌণে ৮টার দিকে নিজের মাটির ঘরে বৃদ্ধা আছিয়া খাতুনের রক্তাক্ত ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে মৌচাক ফাড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা বৃদ্ধার লাশ উদ্ধার করে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে কাজীম উদ্দিন পলাতক রয়েছে। তবে বৃদ্ধার স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।

বৃদ্ধার ভাইয়ের ছেলে জহিরুল ইসলাম জানান, আমার ফুফু মারা যাওয়ার খবর পেয়ে আসি। দেখতে পাই রক্তাক্ত অবস্থায় ফুফুর লাশ ঝুলে আছে। আমার সন্দেহ হচ্ছে, আমার ফুফা ও তার ছেলে মিলে মারধর করে তাকে ঝুলিয়ে রেখেছে। আশিক হোসেন বলেন, যিনি মারা গেছেন, তিনি আমার প্রতিবেশী দাদী। কিন্তু দাদী-দাদার মধ্যে দাম্পত্য জীবন বেশি ভাল ছিল না। সোমবার বিকেল ৩টার দিকে তাদের মধ্যে মারামারি হয়। তার শরীরের আঘাত নিয়ে তিনি পাশের পশ্চিমপাড়া গিয়েছিলেন। পরে তাদের ছেলে তাকে বাড়িতে নিয়ে যান। এরপর রাত পৌণে ৮টার দিকে খবর পাই তিনি ফাসি দিয়ে মারা গেছেন। এ ঘটনার পর তার স্বামী পলাতক রয়েছে। তবে মনে হচ্ছে, এটা একটা হত্যাকান্ড। তদন্ত করলেই সেটা বেড়িয়ে আসবে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল সেলিম জানান, বৃদ্ধার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিতভাবে বলা যাবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত