দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মঙ্গলবার রাত ৮টায় এই বৈঠক শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার দুপুরে বিএনপির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করার কথা রয়েছে। বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়— এই বিষয়টি মূল আলোচ্য ছিল স্থায়ী কমিটির বৈঠকে।
এতে অংশগ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।
বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত হন ড. মঈন খান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
