চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। সদ্য স্নাতক সম্পন্নকারীরা যেন বিশ্ববিদ্যালয় পাস করার পরই একটি উজ্জ্বল পেশাজীবন পান, সেটাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে গতাকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানটিতে হুয়াওয়ের সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ, এইচআর ম্যানেজার ওমর হায়দার মাসফিক আহমেদ ও অ্যাসিস্ট্যান্ট এইচআর ম্যানেজার মো. খালিদ হোসেন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মেহেদী হাসান চৌধুরী।
চুয়েটের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৩০০ শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মধ্যে ছিল একটি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা ও ইন্টারভিউ সেশন। নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়েতে কাজের সুযোগ পাবেন। নির্বাচনী প্রক্রিয়ার পাশাপাশি ফারা নেওয়াজ একটি সেশন পরিচালনা করেন, যেখানে তিনি আন্তর্জাতিক এবং জাতীয় টেলিকম শিল্পের বর্তমান প্রেক্ষাপট এবং এ খাতে হুয়াওয়ের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন।
হুয়াওয়ের এইচআর ডিরেক্টর লিনজিয়াও বলেন, নিয়মিত ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজনের মাধ্যমে আমরা নতুন গ্র্যাজুয়েটদের জন্য কাজের সুযোগ তৈরি করি। যাতে তারা দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সদ্য স্নাতক সম্পন্নকারীরা নতুন নতুন ধারণা নিয়ে আসতে পারে। চুয়েটে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং আমরা তাদের হুয়াওয়ে অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত। বিজ্ঞপ্তি
