রাজধানীর মিরপুরের শাহআলীর ঈদগাহ মাঠ এলাকায় দুপক্ষের এলোপাতাড়ি গুলিতে তিন ব্যক্তি আহত হয়েছেন। তারা হলেন সাজ্জাদ হোসেন রাব্বি, মিরাজ ও আরেকজনের নাম জানা যায়নি। আহত সাজ্জাদ একজন ইন্টারনেট ব্যবসায়ী। তার কর্মী হিসেবে কাজ করেন বাকি দুজন। গত মঙ্গলবার গভীর রাতে গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের রাতে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম জোনের এডিসি সালেক মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, বিপক্ষের গোলাগুলিতে রাব্বিসহ আরও একজন আহত হন। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি কেন এমন গোলাগুলির ঘটনা। বিষয়টি তদন্ত করছি। আহত সাজ্জাদের বাসা মিরপুর ১ নম্বর সেকশনের নিউ সি-ব্লকে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। অন্যদিকে আহত মিরাজ ঢাকা উত্তর মহানগরীর যুবদলের সদস্য সচিব।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, আহতদের শরীরে ক্ষত রয়েছে, তবে গুলি পাওয়া যায়নি। রাব্বি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত রাব্বিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর কাজে সহায়তাকারী বন্ধু শান্ত জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাব্বিসহ তারা তিন বন্ধু মিরপুর ১ নম্বর সেকশনে ঈদগাহ মাঠের পাশে চায়ের দোকানে যাচ্ছিলেন। সেখানে দেখতে পান কিছু লোক জড়ো হয়ে গণ্ডগোল করছে। এরপর তার এগিয়ে যাওয়ার সময় তার বন্ধুর গায়ে গুলি লাগে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। তারা আরও জানান, ঘটনাস্থলের পাশেই উত্তরা যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের একটি কার্যালয় রয়েছে। সেই অফিসের সামনে গণ্ডগোল চলছিল।
