বাংলাদেশ নারী কাবাডি দল এক ঐতিহাসিক অভিযানে পা ফেলতে যাচ্ছে। প্রথমবারের মতো টেস্ট খেলতে কাঠমান্ডুর পথে পাড়ি দিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল।
এই সফরে বাংলাদেশ নারী কাবাডি দলের পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সিরিজ উপলক্ষে আজ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দল, প্রস্তুতি ও স্পন্সর প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির সঙ্গে থাকতে পারা আমাদের জন্য গর্বের। আমরা দীর্ঘ মেয়াদে কাবাডির পাশে থাকতে চাই। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি কাবাডি চালু হলে, সেটিতেও অংশ নেব।’
তিনি আরও জানান, ‘বিপিএলের আগেই যেন ফ্র্যাঞ্চাইজি কাবাডি শুরু করা যায়, সে আহ্বান জানাব। প্রথম বছর চারটি দল নিয়েই শুরু হোক, এটাই কাম্য।’
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আমরা ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি কাবাডির একটি মডেল তৈরির চেষ্টা করছি। আশা করি শিগগিরই সেটি বাস্তবায়ন হবে।’
নেপাল সফরের টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের দুই কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী। কোচ মালেকা বলেন, ‘নেপাল আমাদের চেয়ে শক্তিশালী হতে পারে, তবে আমরা হারতে যাচ্ছি না। মেয়েরা জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে। অনুশীলন হয়েছে দুর্দান্ত।’
আরদুজ্জামান মুন্সী বলেন, ‘নেপাল ভারতের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন অনুশীলন করেছে। তবে আমাদের দলও আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামব।’
আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগিরে অনুষ্ঠিত হবে নারী কাবাডি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই নেপালের বিপক্ষে এই সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
বিশ্বকাপে স্বাগতিক ভারত ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার।
নেপাল সফরের বাংলাদেশ নারী দল
অধিনায়ক: শ্রাবনী মল্লিক
সহ-অধিনায়ক: বৃষ্টি বিশ্বাস
সদস্য: রুপালি (সিনিয়র), মোছা: স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, মোছা: ইয়াসমিন খানম, মোছা: ইসরাত জাহান সাদিকা
স্ট্যান্ডবাই: লাকি আক্তার, নবর্শি চাকমা
কোচ: শাহনাজ পারভীন মালেকা, আরদুজ্জামান মুন্সী
ম্যানেজার: মোহাম্মদ আসাদুজ্জামান
আট দলের স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা শুরু ১৯ এপ্রিল
কঠিন হলো জ্যোতিদের বিশ্বকাপ সমীকরণ