বগুড়ায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক। এর আগে গত বুধবার রাত সাড়ে ১০টায় দত্তবাড়ি ব্রিজের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে গাঁজা সেবনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, আল আমিন ব্যাপারী ওরফে কোকা, রোহান ওরফে রনি, তানজিল ইসলাম এবং তৌহিদ ইসলাম। এরা চার জনই শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তা একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। আহত এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করতে গেলে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালায়। তারা দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি জোর করে নিয়ে যায়। এ ঘটনায় বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান ও এএসআই আহম্মদ আলী আহত হন।
