চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা ভবন থেকে পুলিশের বাইক চুরির অভিযোগে মনির হোসেন নামে আরেক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোটরসাইকেলটিও। গত ১৩ এপ্রিল এ ঘটনা ঘটে। তবে নগর পুলিশ বিষয়টি জানায় গত বুধবার রাতে। অভিযুক্ত মনির হোসেন আরেক সহকর্মীর এটিএম কার্ড থেকে ২ লাখ টাকা লোপাট করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মাধবদীতে।
ভুক্তভোগী চান্দগাঁও থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল নুরুল আজিম অভিযোগ করেন, তার একটি মোটরসাইকেল গত ১২ এপ্রিল রাত ৯টা ৫৫ মিনিটে থানা কম্পাউন্ডের হোয়াইট হলের সামনে তালাবদ্ধ অবস্থায় রেখে ডিউটিতে যান। ১৩ এপ্রিল রাত ৮টা ৪০ মিনিটে থানায় ফিরে তিনি দেখতে পান মোটরসাইকেলটি আর সেখানে নেই। পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পান, গত ১৩ এপ্রিল সকাল ৯টা ৩০ মিনিটে মনির হোসেন মোটরসাইকেলটি নিয়ে যান। এ ঘটনায় বাদী লিখিত অভিযোগ করলে নায়েক মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
