ধানমন্ডিতে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ এএম

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আরাফাত হোসেন খান (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এলিফ্যান্ট রোডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে স্বজনরা উদ্ধার করে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মৃতের বাবা ডা. মো. গোলাম হোসেন জানান, তার ছেলে আরাফাতের বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যা দেখা দিয়েছিল। এক মাস আগেও চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। ছেলে মাঝেমধ্যে বলত তাকে জিনে আসর করেছে। তাকে জিনে শুধু মৃত্যুর জন্য ডাকে। সকালে সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়ার পর রশি ছিঁড়ে খাটে পড়ে যায়। পরে দরজা ভেঙে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জানা গেছে, মৃত আরাফাত টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার টেংরিপাড়া গ্রামের ডা. মোহাম্মদ গোলাম হোসেনের ছেলে। এলিফ্যান্ট রোডের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। সাত মাস বয়সী এক ছেলের জনক ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত