ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক স্পষ্ট ভাষায় বলেন, ‘মুক্তিযোদ্ধার বিষয়ে ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা পরিচয়ে সুবিধা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে, সেগুলোর নিষ্পত্তি শেষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথতলার আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মুজিবনগরের ইতিহাস জাতির গর্ব, যা চিরকাল অমøান থাকবে। ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সেজন্য সবাইকে সম্মিলিতভাবে এ দিবস উদযাপন করতে হবে। এ সরকারই সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে।
অনুষ্ঠানে উপদেষ্টা জানান, মুজিবনগর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পূর্ণ সংস্কার করা হবে।
