সাভারের ব্যাংক টাউন এলাকায় পুলিশ চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি কওে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকার রাজধানী পরিবহনের ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটককৃতের নাম মো. ইমাম হাসান (১৮)। যশোর জেলার অভয়নগর থানা এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে। বর্তমানে সে ব্যাংক টাউন আবাসিক এলাকার ১৩ নম্বর সড়কের আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকে। পুলিশ তাকে ছিনতাইকারী বললেও তার দাবি সে ছিনতাইকারী নয়, ছাত্র। এর আগে একাধিকবার ছিনতাইকারীর কবলে পড়ে মারধরের শিকার হওয়ায় নিজের নিরাপত্তার জন্যই চাকুটি সঙ্গে রেখেছিল।
পুলিশ জানায়, মহাসড়কে যাত্রীবাহী বাসে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটায় পুলিশের পক্ষ থেকে ছিনতাই রোধে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাংক টাউন এলাকায় পুলিশ চেকপোস্টে থামানো হয়। পরে বাসটিতে থাকা যাত্রীদের দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকুসহ এক তাকে আটক করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, গত ৩ মাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত এলাকায় যাত্রীবাহী চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল চক্রটি। এসব ঘটনা বন্ধে জেলা পুলিশ সুপারের নির্দেশে ব্যাংক টাউন এলাকায় চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়।
