সরকারঘোষিত মজুরি কার্যকরের দাবিতে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম

ট্যানারিশ্রমিকদের জন্য সরকারঘোষিত মজুরি কার্যকর কারার দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ট্যানারি শ্রমিকরা। আজ শনিবার দুপুরে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীতে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ।  সমাবেশের আগে বিভিন্ন কারখানা থেকে শতশত ট্যানারি শ্রমিকরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

আয়োজিত সমাবেশ থেকে বক্তারা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪ সালের ২১ নভেম্বর ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য গ্রেট-১- ৩৪,১৬৮ টাকা, গ্রেট-২- ২৮,৩৮৮ টাকা, গ্রেট-৩-২৪,০০২ টাকা, গ্রেট-৪-২০,৯৯৩ টাকা ও গ্রেড-৫- ১৮,০০১ টাকা, পাঁচটি গ্রেডে ন্যূনতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যা অবিলম্বে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু মালিক পক্ষ সরকারের নির্দেশনা অমান্য করে অদ্যাবধি নতুন মজুরি কাঠামো কার্যকর করেনি।

সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকারের সময় মালিক-শ্রমিক ও সরকারের ঐক্যমতের ভিত্তিতে ট্যানারি শিল্পের জন্য সর্বনিম্ন বেতন ১৮০০১ টাকাসহ মোট ৫টি গ্রেড নির্ধারণ করা হয়। যা ২০২৪ সালের ২১ নভেম্বর থেকে সরকার মালিক পক্ষকে চিঠি দিয়ে কার্যকর করতে বলে। কিন্তু এখন পর্যন্ত মালিক পক্ষ তা কার্যকর করেনি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল স্লোগান ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যের সবচেয়ে বেশি শিকার শ্রমিকরা। আগেও আমরা পাই নাই। বর্তমান সময়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যারা এখন ক্ষমতায় আসছেন, তাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের করা আইন, আপনাদের দেওয়া আইন যারা অমান্য করছে, যারা আমরা বেশি বৈষম্যের শিকার তারা মাঠে নেমে এসেছি। তারা যদি কোনও সিদ্ধান্ত নিয়ে এলাকায় কাজ বন্ধ করে দেন, তাহলে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এবং শ্রমিকদের দায়ী করা যাবে না।

আয়োজিত সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক ও শ্রমিক নেতা কে এম লেয়াকত হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ট্যানারির শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ট্যানারি শ্রমিকরা জেনারেল উিউটির বাহিরে অতিরিক্ত কোনও কাজ করবেন না বলে কর্মসূচি ঘোষণা দিয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত