সংগ্রাম এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, খুব সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে গণতন্ত্রের উত্তরণ এখনো হয়নি। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো আসেনি। সে জন্য অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে সচেতনতার জন্য কাজ করতে হবে। দলকে আরও সুদৃঢ় করতে হবে।
রবিবার (২০ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনে বিএনপির প্রস্তাবগুলো দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে সত্যিকারার্থেই সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি পাবে।
সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে নির্বাচন ও সংস্কারের বিষয়ে ধৈর্যের সঙ্গে গ্রহণযোগ্য সমাধান করা উচিত হবে বলে মনে করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আজকের এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে কতগুলো নির্ধারিত বিষয়কে আমরা অনির্ধারিত করে ফেলেছি। আমরা আশা করি, খুবই অল্প সময়ের মধ্যে একটি কাঙ্কিত আশা পূরণ করতে পারব।
জুলাই আগস্টের ত্যাগের পরও কাঙ্খিত বাংলাদেশ পাইনি এমন মন্তব্য করে তিনি বলেন, জুলাই আগস্টের আন্দোলন বাদেও গত ১৫ বছরের যত আন্দোলনে শ্রমিকরা আত্মহুতি দিয়েছেন, তাদের তালিকা শ্রমিক দলের থাকা উচিত। আমি আশা করব, আমাদের শ্রমিক নেতারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে একটা তালিকা তৈরি করবেন। শ্রমিকদের কথা শ্রমিকদেরই বলতে হবে। এজন্য শ্রমিকদেরই নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে। যাতে করে কোন সুবিধাভোগী এসে যেন সুবিধা নিতে না পারেন।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী পারভেজ ইসলামকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দুঃখের বিষয় হচ্ছে আজকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক ত্যাগী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড করেছে তারা কখনই এই দেশের মঙ্গলের সঙ্গে থাকতে পারে না।
