বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, পুড়ল কুশপুতুল

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম

পরীক্ষায় মার্ক টেম্পারিং ও শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের কুশপুতুল পোড়ানোর প্রতীকী কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, পরিসংখ্যান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাসহ বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকদের দ্বারা যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের শিকার হয়েছে। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া উচিত। এমন ঘৃণ্য কাজ শিক্ষকরা করতে পারেন না।

এর বেশ কয়েকদিন আগে থেকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট পেজ ও গ্রুপগুলোয় বিভিন্ন শিক্ষক দ্বারা নারী শিক্ষার্থীদের হয়রানি এবং নম্বর টেম্পারিংয়ের অভিযোগ করে আসছিলেন শিক্ষার্থীরা। এক ভুক্তভোগী পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. মো. রশীদুল ইসলামের সঙ্গে মেসেঞ্জারে কথোপকথনের  স্ক্রিনশট প্রকাশ করেন।

তারও আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক তানজিউল ইসলাম জীবনের অডিও ক্লিপ ফাঁস হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তার বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ উঠে। এর প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষকদের প্রতীকী কুশপুতুল পোড়ানোর কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কর্মসূচি শেষে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের কাছে জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা কোনো বায়বীয় অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিব না।  যে শিক্ষকই হোক না কেন, আমিও যদি হই, আমাদের লিখিত দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত