প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের ৩ নৌকা ফেরত দিল বিএসএফ

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫২ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকা থেকে ছিনিয়ে নেয়া বাংলাদেশি জেলেদের তিনটি নৌকা ফেরত দিয়েছে বিএসএফ। বিজিবির প্রতিবাদের মুখে রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে সীমান্তের কালিন্দি নদীর জিরো পয়েন্টে নৌকাগুলো জেলেদের কাছে হস্তন্তার করা হয়।

এর আগে গত শুক্র ও শনিবার বিজিবি কৈখালী ও বিএসএফ শমসেরনগর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দু’দফা পতাকা বৈঠক হয়। কালিন্দি নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কার ও বিএসএফ এর শমসেরনগর ক্যাম্প কমান্ডার আবু বক্কার উপস্থিত ছিলেন।

বিজিবি ১৭ ব্যাটালিয়নের কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান, বাংলাদেশি জেলেদের কাছ থেকে ছিনিয়ে নেয়া তিনটি নৌকাসহ সেখানে থাকা জাল-দোড়া, বাজারসহ ফেরত দিয়েছে বিএসএফ। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধি দল পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজার রাখার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে বয়ারসিং এলাকায় মাছ শিকারে ব্যস্ত জেলেদের নৌকা ছিনিয়ে নেয়। এ সময় নৌকা হারিয়ে টানা দুই দিন বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে লোকালয়ে ফিরে আসে। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ঘটনাটি আপত্তি আকারে উপস্থাপন করা হয়।

বিএসএফের হামলার শিকার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান, শাহাজান, ফয়েজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত