বাগেরহাটে ৬টি হাত বোমাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৮ নেতাকর্মীকে ধরে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। সোমবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান (রহ.) মাজারের পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।
মঙ্গলবার বিকালে এসআই গৌতম কুমার মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া, তার ছেলে মোস্তফা কামাল সাব্বির ভূঁইয়া, ছোট ভাই মো. আজিম ভূঁইয়া, মো. সাগর হাসান, তুফান হাওলাদার, মো. মনি হাওলাদার, মো. নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, শাকিব আহম্মেদ রাজ, মো. সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মো. মাশুক, মো. মিলন শিকদার, রবিউল সরদার, মো. ইয়াসিন আরাফাত ও মো. শাহীন ওরফে অভি শেখ। এদের বাড়ি বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায়।
বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া ও তার ছোট ভাই মো. আজিম ভূঁইয়া গত মার্চ মাসে যুবদল নেতা জসিম সরদারের ওপর হামলা মামলার এজাহারনামীয় আসামি।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদ-উল-হাসান বলেন, সোমবার গভীর রাতে একটি আবাসিক হোটেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে ছয়টি হাত বোমাসহ ১৮ জন দুষ্কৃতিকারীকে আটক করে। পরে পুলিশ সেখানে গিয়ে তাদের হেফাজতে নেয়। গ্রেপ্তারদের মধ্যে শ্রমিক দল নেতা সেলিম ভূঁইয়া, তার ছেলে সাব্বির, ছোট ভাই আজিম রয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে এসআই গৌতম কুমার মন্ডল বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরা সবাই বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থক বলে জানান পুলিশ কর্মকর্তা।
