বিরামপুরে ছিনতাইকালে পুলিশের হাতে ভুয়া সেনাসদস্য আটক

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পিএম

দিনাজপুরের বিরামপুরে ভুয়া সেনাবাহিনীর পরিচয় দিয়ে রাস্তায় ছিনতাই করার সময় আব্দুল কাদের রোমান (২২) নামের এক যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র ওয়াকি-টকি, তিনটি মোবাইল, একটি ম্যানিব্যাগ ও একটি চশমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার কাটলা-বিরামপুর আঞ্চলিক সড়কের মাহমুদপুর শান্তিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত যুবক বিরামপুর উপজেলার কসবা সাগরপুর পাঠন চড়া এলাকার মৃত রফিতুল্লাহ মন্ডলের ছেলে আব্দুল কাদের ওরফে রোমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সেনাবাহিনীর সদস্য নন বলে স্বীকার করেছেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে ছিনতাইয়ের চেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত