পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে হামলার ফলে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করার জন্য বৃহস্পতিবারের এই বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে ইসলামাবাদের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ইসাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, আইনমন্ত্রী আজম নাজির তারার, তারিক ফাতেমি এবং অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান।
রেডিও পাকিস্তান জানিয়েছে, দিল্লি পাকিস্তানের সাথে ঐতিহাসিক পানি বণ্টন চুক্তি স্থগিতের পর পাকিস্তানের নেতারা এখন “ভারতের তাড়াহুড়ো করে নেওয়া, আবেগপ্রবণ এবং অবাস্তব পানি ব্যবস্থাপনার” প্রতিক্রিয়া পর্যালোচনা করবে।
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলায় ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হন। এরপরে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি নাগরিকদের আগামী পহেলা মে এর মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।
কাশ্মীর হামলায় দোষীদের 'কল্পনাতীত শাস্তি' দেব: নরেন্দ্র মোদি