ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা তার দীর্ঘদিনের সঙ্গী ক্রিস্টিনা সেরার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন বলে জানা গেছে। চলতি বছরের শুরুতে গোপনে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে ব্যক্তিগত মতবিরোধের কারণে তাদের বিচ্ছেদ ঘটে।
স্প্যানিশ গণমাধ্যম EN Blau VIP-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছরেরও বেশি সময় একসঙ্গে থাকা এই দম্পতি তাদের সম্পর্ককে "দ্বিতীয় সুযোগ" দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানুয়ারিতে বিচ্ছেদের খবর প্রথম প্রকাশ্যে আসে এবং এটি গার্দিওলা-সেরার ঘনিষ্ঠদের জন্য ছিল এক বড় ধাক্কা। তবে এখন পর্যন্ত কেউই তাদের বিয়ের আংটি খোলেননি, যা তাদের আবেগঘন বন্ধনের ইঙ্গিত দেয়।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গার্দিওলা তার স্ত্রীকে না জানিয়ে ইংল্যান্ডে থাকার চুক্তি নবায়ন করেন, যেখানে সেরা আশা করেছিলেন তিনি হয়তো কিছুদিনের বিরতি নেবেন বা আন্তর্জাতিক কোনো দায়িত্বে যাবেন, যাতে পরিবারকে সময় দিতে পারেন। এই গোপনীয়তাই তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে।
EN Blau VIP-কে দেয়া এক সাক্ষাৎকারে মারিয়া লাপিয়েদ্রা বলেন, “পেপ গার্দিওলা এবং ক্রিস্টিনা সেরা এখনো বিয়ের আংটি পরে আছেন। তারা একসঙ্গে থাকার চেষ্টা করছেন। পেপ ইস্টারের ছুটিতে সেরার বাসায় ছিলেন। এখন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতি সপ্তাহে একবার ব্যক্তিগত বিমানে করে বার্সেলোনায় স্ত্রীকে দেখতে যাবেন।”
২০১৬ সাল থেকে ম্যানচেস্টার সিটি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসা গার্দিওলা বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য আনার চেষ্টায় আছেন। তিনি চান পরিবারকে আরও সময় দিতে, বিশেষ করে কাতালুনিয়ার নিজ বাড়িতে।
গার্দিওলার বর্তমান চুক্তি এখনও দুই বছর বাকি আছে। ধারণা করা হচ্ছে, তিনি এমন একটি সমাধানে পৌঁছাতে চাইছেন যাতে ফুটবলের প্রতি তার অঙ্গীকার এবং পরিবারের প্রতি দায়বদ্ধতার মধ্যে সমতা রক্ষা করা যায়।
