লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে টোল ঘরে হামলা চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান রাজুর বিরুদ্ধে।
বুধবার (২৩ এপ্রিল) রাতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে টোল ইজারাদার প্রতিষ্ঠান রানা কনস্ট্রাকশনের কর্মকর্তা নাজমুল আলম বাদী হয়ে রাজুসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, তিস্তা সড়ক সেতুর টোল আদায়ের ইজারা নিয়েছে রানা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অংশীদার রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল নাজু। সেতু পারাপারে মোটরসাইকেল প্রতি ১০ টাকা টোল আদায় করা হয়।
বুধবার বিকেলে গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান রাজু কয়েকটি মোটরসাইকেল নিয়ে টোল না দিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করেন। টোল আদায়কারীরা গাড়িগুলো থামালে রাজু ক্ষুব্ধ হয়ে তাদের সঙ্গে বিতর্কে জড়ান এবং একপর্যায়ে টোল না দিয়ে চলে যান।
পরে রাতে রাজু ও তার সহযোগীরা টোল প্লাজায় হামলা চালিয়ে টোল ঘরের গ্লাস ভাঙচুর করেন এবং টোলের ক্যাশ থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন। টোল কর্মচারীরা আত্নরক্ষার্থে ক্যাশ ঘরে আশ্রয় নিলে সেখানে আবার হামলা চালিয়ে আরও ৮ লাখ ২০ হাজার টাকা লুট করা হয়। হামলায় ম্যানেজার সুরুজ্জামান, টোল কর্মচারী জুয়েল ও মোখলেস উদ্দিন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রানা কনস্ট্রাকশনের অংশীদার নাজমুল নাজু অভিযোগ করেন, রাজুর নেতৃত্বে হামলা চালিয়ে টোল কর্মচারীদের মারধর ও ১৪ লাখ টাকা লুট করা হয়েছে।
তবে অভিযুক্ত মাহফুজার রহমান রাজু এ অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আমাদেরকে মামলায় ফাঁসাতে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক তৈরি করেছে। তিনি সঠিক তদন্ত দাবি করেন।
ঘটনার সময় টোল প্লাজায় দায়িত্বরত এসআই মো. রওশন জানান, অল্প সময়ের মধ্যে দুই পক্ষ মারামারি করে একপক্ষ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সিসি টিভির ফুটেজে সঠিক প্রমাণ পাওয়া যাবে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, বাদীর এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চলছে।
তিন মাসে ৩২৫ ‘রাজনৈতিক সহিংসতায়’ নিহত ৪৭, ধর্ষণের শিকার ২৪০
জামালপুরে পরীক্ষায় অসদুপায়ের দায়ে ১৪ শিক্ষার্থী বহিষ্কার