নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষা শেষে ট্রলারযোগে বাড়ি ফেরার পথে শীতলক্ষ্যা নদীতে লাফ দিয়ে গোসল করতে নেমে নিখোঁজের ২৫ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদের মরদেহ উদ্ধার করেছে করে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শীতলক্ষ্যা নদীর চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার সাড়ে ১২টার দিকে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে ট্রলারযোগে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রলার থেকে নদীতে গোসল করতে ঝাঁপ দেয় জয় আহমেদসহ তার আরও ৭ সহপাঠী। এরপর থেকে নিখোঁজ ছিল জয় আহমেদ। জয় আহমেদ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নং ওয়ার্ডের বাসচালক মারুফের ছেলে। সে এ বছর পিআরডি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
