চট্টগ্রামের কর্ণফুলী নদীর খেয়াঘাটসমুহে নৌকা পারাপারের ভাড়া ৫ টাকা বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কর্ণফুলী উপজেলার সল্টগোলা-ডাঙ্গারচর ঘাটে প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে বিক্ষোভ ও গণজমায়েত করেন এলাকাবাসী।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ থেকে হঠাৎ করে খেয়াঘাটসমুহের নৌকা পারাপারের ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে জনপ্রতি ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা ও ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা নেওয়া হচ্ছে। অযৌক্তিক এই ভাড়া বৃদ্ধির ফলে বিপাকে পড়েন স্বল্প আয়ের পেশাজীবীসহ নানান শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা অবিলম্বে অযৌক্তিক বাড়তি ভাড়া প্রত্যাহার করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। অনতিবিলম্বে জনপ্রতি বাড়তি ভাড়া কমিয়ে পূর্বের ভাড়া বহাল না করলে সিটি করপোরেশন অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ডাঙ্গারচরের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ডাঙ্গারচর নিরাপদ নৌযাত্রী পারাপার কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও বন্দর মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জুলধা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোহাম্মদ মুছা,সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির, সমাজসেবক মোহাম্মদ হারুন, জুলধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান মিয়াজী, ডাঙ্গারচর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, নারী ইউপি সদস্য শিপ্রা রানী দে, ছাত্র প্রতিনিধি সেলিম রেজা, স্কুলশিক্ষক কায়সার, ব্যাংকার আবদুল হালিম, ইঞ্জিনিয়ার হেলাল প্রমুখ।
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকের পাশে ইবি ছাত্রদল