কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হন। রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা সরোয়ার বিপ্লব নরসিংদীর কামাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, কুমিল্লা থেকে মুরাদনগরগামী রয়েল সুপার নামের একটি এসি বাস মহাসড়কের দেবপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। এতে ক্ষুব্ধ স্থানীয়রা বাসটি ভাঙচুর করেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা ও দেবপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে মোস্তফা সরোয়ার বিপ্লবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
