নোয়াখালীতে গৃহকর্তাকে কুপিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০২ পিএম

নোয়াখালীর কোম্পানিগঞ্জে গৃহকর্তাকে কুপিয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। এর আগে রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা পেশকারহাট এলাকার চান মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আহছান উল্যাহ (৬৫) গত ২০-২৫ বছর ধরে সৌদি প্রবাসী ছিলেন। বর্তমানে তার দুই ছেলে একই দেশে অবস্থান করছে। ২০২২ সালে তিনি দেশে চলে আসেন। রোববার ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির দেয়ালের সীমানা প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এরপর তারা প্রধান ফটকের তালা ভেঙে ফেলে। দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকলে উপস্থিতি টের পায় আহছান উল্যাহ।

তাৎক্ষণিক তিনি বের হয়ে দেখেন ৬-৭ জন ডাকাত ধারালো অস্ত্র হাতে ঘরে অবস্থান করছে। তিনি প্রতিরোধ করার চেষ্টা করলে মাথায় দুটি ও হাতে তিনটি কোপ দিয়ে গুরুতর আহত করা হয় তাকে। ওই সময় পরিবারের অন্য সদস্যরা তাদের কক্ষে ঢুকে ডাকাত, ডাকাত চিৎকার দিলে তারা গৃহকর্ত্রীর গলা থেকে একটি স্বণের চেইন ছিনিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত গৃহকর্তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করে।

কোম্পানিগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরাধীদের ধরতে চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত