নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার আওতাধীন পাওয়ারলুম শ্রমিকরা ৪ দাবিতে বিক্ষোভ মিছিল এবং ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ কর্মসূচি ও সড়ক অবরোধ অব্যাহত রেখেছেন।
শ্রমিকদের দাবিগুলো হলো- প্রতি গজ কাপড়ের মজুরি এক টাকা করে বৃদ্ধি করতে হবে, কাজ করার সময় কোনও শ্রমিক দুর্ঘটনা কবলিত হলে তার চিকিৎসার ব্যয়ভার মালিকপক্ষকে বহন করতে হবে, দুই ঈদে প্রতি শ্রমিককে ৪০০০ টাকা করে ঈদ বোনাস দিতে হবে, কাজ করার সময় কোনও শ্রমিক অসুস্থ হয়ে বাড়িতে চলে গেলে সুস্থ হওয়া পর্যন্ত তার কাজ বহাল রাখতে হবে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রাখব।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে রাস্তা চালু করার চেষ্টা করছি।
