সাভারের আশুলিয়ায় একটি বাড়ির জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর চক্রের সদস্যরা বাসা থেকে ১৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৭ লাখ ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
আজ মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর পরিবার গণমাধ্যমকর্মীদের কাছে এ বিষয়ে তথ্য দেন। এর আগে শনিবার বিকেলে আশুলিয়ার গাজিরচটে প্রবাসী স্বপন মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগের বাদী রফিকুল ইসলাম বলেন, আমার বাবা গ্রিস প্রবাসী। আমরা দুই ভাই ও দুই বোন। বোনেরা তাদের শ্বশুর বাড়িতে থাকে। গত ২৩ এপ্রিল আমার দাদা মারা যান। খবর শুনে আমার মা এবং বড় ভাই কুমিল্লায় চলে যান। আমি একা বাড়িতে ছিলাম। ২৬ এপ্রিল বিকেলে প্রাইভেট পড়াতে যাই। সেখান থেকে আমার বাসায় ফিরতে একটু দেরি হয়। এর মধ্যে রাত ৯টার দিকে আমার মা কুমিল্লা থেকে বাসায় ফিরে আসেন এবং চুরির বিষয়টি বুঝতে পেরে আমাকে ফোন করে জানান।
তিনি আরও বলেন, মায়ের ফোন পেয়ে আমি বাসায় এসে দেখি দুই রুমের দুই জানালার গ্রিল কাটা, আলমারির দরজা আলাদা করা ও ওয়ার্ড ড্রোপের ড্রয়ারের তালা ভাঙা। পরে কাছে গিয়ে দেখি, আমার বড় বোন জামাইকে ইতালি পাঠানোর জন্য আলমারিতে রাখ ৭ লাখ ১৭ হাজার টাকা এবং ১৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। বিষয়টি জানিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) মো. নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। এর প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চুরির ঘটনা উদঘাটন করার জন্য, যা যা করা দরকার আমরা তাই করব।
