নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠেছে হাবিব মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ। শুক্রবার (২ মে) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে এবং ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ মে) দুপুরে প্রতিবেশী ইয়াসিন নামের এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে হাবিব। গোসল শেষে ইয়াসিন উঠে এলেও হাবিব আর উঠতে পারেনি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।
প্রতিবেশীরা জানান, প্রতি বৃহস্পতিবার বাড়ির পাশের হাসনহাটার ফকিরা এলাকায় নানির বাড়ি বেড়াতে যেত হাবিব। এটা ভেবেই তার বাবা মা তার খোঁজ রাখেনি। তবে হাবিব সাঁতার জানত, তবুও পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন অনেকে।
পলাশ থানার উপপরিদর্শক এসআই রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কেউ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সোমবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া
১৬ মে মুক্তি পাবে ‘জয়া আর শারমিন’