বগুড়ায় ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। তার মা ইয়াসমিন খাতুনকে দৈনিক হাজিরাভিত্তিক চুক্তিতে চাকরি দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে ধূমপান নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয় তাঁর ছেলে স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব।
স্বামী ও সন্তানকে হারিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন ইয়াসমিন। তার আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সিটি করপোরেশন এ উদ্যোগ নিয়েছে।
নিয়োগপত্র প্রদানকালে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবে বগুড়া সিটি করপোরেশন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান।
চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়াসমিন খাতুন। তিনি বলেন, কিছুদিন আগে স্বামীকে হারিয়েছেন, এরপর সন্তানকেও হারিয়ে দিশাহারা হয়ে পড়েন। গালিবকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সন্ত্রাসীরা সেই স্বপ্ন কেড়ে নিয়েছে।
ইয়াসমিন আরও বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি আর্থিক সংকটে ছিলেন। নিজের বাড়িঘর না থাকায় মায়ের বাড়িতে থাকেন। এমন পরিস্থিতিতে সিটি প্রশাসক তার পাশে দাঁড়িয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। এ চাকরি পেয়ে তিনি খুবই খুশি।