রাজধানীর কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজার স্টার বেকারির বিপরীত পাশে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী মো. নাঈম ইসলাম জানান, কারওয়ান বাজার দিয়ে যাওয়ার সময় সেখান রাস্তায় ওপর জটলা দেখেন তিনি। এগিয়ে গেলে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কোনও একটি গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানকার লোকজনদের কাছ থেকে তিনি।
এদিকে নিহতের ছেলে মো. আলাউদ্দিন জানান, তাদের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালপাথান গ্রামে। তার বাবা গ্রামের বাড়িতে থাকেন। দুদিন আগে তেজতুরী বাজার এলাকায় আলাউদ্দিনের বাসায় বেড়াতে এসেছিলেন। শুক্রবার বিকেলে একাই বাসা থেকে বের হন। সন্ধ্যার দিকে আলাউদ্দিন জানতে পারেন, তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে