কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধ থাকল গোলশূন্য। এরপর দ্বিতিয়ার্ধে গুনে গুনে হলো চার গোল। যার তিনটিই করেছে দুর্বার মোহামেডান। স্বাগতিকরা শুক্রবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে মোহামেডানের হয়ে করেন জোড়া গোল। অপর গোলটি পেনাল্টি থেকে করেন উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। যদিও ম্যাচটা একটা সময় জমিয়ে তুলেছিলেন পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো কুইপাপা। সানডের গোলে মোহামেডান এগিয়ে গিয়েছিল ৫৮ মিনিটে। তবে ৬৫ মিনিটে পেনাল্টি থেকে দানিলো করেছিলেন সমতাসূচক গোল। তবে শেষ দিকে মোজাফফরভ ও সানডের সফল লক্ষ্যভেদে এক ম্যাচ পর জয়ে ফিরেছে শীর্ষে থাকা মোহামেডান। অবশ্য রেফারির শেষ বাঁশির পর পরই মোহামেডানের টনি সানডের সঙ্গে এসে কথা কাটাকাটি শুরু করেন পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো কুইপাপা। সুলেমান দিয়াবাতে এসে ঝগড়া থামানোর চেষ্টা করার ফাঁকে হাতাহাতিতে লিপ্ত হন দুজন।
এই জয়ে শিরোপা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে সাদা-কালোদের। ১৩ ম্যাচে ১১ জয় এক ড্র ও এক হারে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। অন্যদিকে পুলিশ ষষ্ঠ হারের তেতো স্বাদ পেয়েছে মঙ্গলবার। ১৯ পয়েন্ট নিয়ে তারা থাকছে পঞ্চম স্থানেই। গাজীপুরের অন্য ম্যাচে যোগ করা সময়ে আবু ইউসুফ সিফাতের গোলে ফর্টিসকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স।
