খিলগাঁওয়ে ভবন থেকে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ মে ২০২৫, ০৫:৩৭ পিএম

রাজধানীর খিলগাঁও ভুইয়াপাড়া এলাকার একটি ভবন থেকে রাজন ইসলাম দিপু (২৫) নামে এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও থানা পুলিশ ভুইয়াপাড়া ২ নম্বর গলির ২৯৪/এ নম্বর ভবনের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই মো. কামরুল ইসলাম জানান, তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার কালিয়া গ্রামে। তার বাবার নাম মৃত সিরাজুল ইসলাম। গত এক বছর যাবত দিপু ভুইয়াপাড়ার ওই বাড়ির নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করেন। থাকেন ভবনটির ২য় তলাতে। 

তিনি জানান, সকালে শহিদুল নামে একজন তাকে গিয়ে খবর দেন, ওই ভবনে দিপুর মরদেহ পাওয়া গেছে। পরবর্তীতে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, ভবনটির লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে পড়ে আছে দিপু। দিপুর মাথার পেছনে বড় ধরনের আঘাত করা হয়েছে। এছাড়া তার নাক এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার ধারণা, তার ছোট ভাই দিপুকে মেরে লিফটের ফাঁকা জায়গা দিয়ে ফেলে দেয়া হয়েছে।

এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন জানান, সকালে খবর পেয়ে ভবনটির নিচ তলায় লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্য থেকে দিপুর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায়, নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। 

তিনি আরও জানান, দিপু দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার (২ মে) পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। এটি স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে না। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিস্তারিত তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত