আড়াইহাজারে রুলারের আঘাতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২৫, ০৫:৫৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টেক্সটাইল মিলে কাজ করার সময় রুলারের সাথে ধাক্কা লেগে রবিউল (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকার রিপন টেক্সটাইল মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের বিশ্বাসবাড়ী এলাকার লিটনের ছেলে। 

জানা গেছে, নেট তৈরীর মেশিনে কাজ করার সময় মেশিনের রুলারের ধাক্কায় রবিউল গুরুতর আহত হলে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায়  জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ঢাকায় নেয়ার পথে রবিউলের মৃত্যু হয়। 

আড়াইহাজার থানার ওসি ( তদন্ত)  সাইফুদ্দিন জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত