সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট : ০৩ মে ২০২৫, ০৬:২৫ পিএম

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান ওরফে বিপুকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব ৩-এর একটি দল। শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম।

র‍্যাব কর্মকর্তা মুত্তাজুল ইসলাম বলেন, সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমানকে দুপুরে গ্রেপ্তার করে র‍্যাব-৩। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ‘শুটার’ মাহফুজুরের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

অপর একটি সূত্র জানিয়েছে, ‘শুটার’ মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ব্যাসদি গ্রাম এলাকা থেকে। রবিবার দিনগত রাতে র‍্যাব-৩ ও র‍্যাব-১০ এর যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা, অস্ত্র মামলাসহ হাতিরঝিল ও মিরপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

সম্প্রতি হাতিরঝিল এলাকায় ৩৬নং ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার হত‍্যা মামলার অন‍্যতম প্রধান আসামি ‘শুটার’ মাহফুজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত