লালদীঘিতে বিক্ষোভ সমাবেশ

মাওলানা রইসের খুনিদের গ্রেপ্তার দাবিতে হরতালসহ কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি

আপডেট : ০৩ মে ২০২৫, ০৮:১৯ পিএম

ইসলামী ছাত্রসেনা নেতা মাওলানা রইস উদ্দীন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচীর ঘোষণা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত। শনিবার (৩ মে) চট্টগ্রামের লালদীঘি চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। একই দাবিতে ৪ মে ‘মার্চ টু গাজীপুর’ ও ৫ এপ্রিল দেশব্যাপী ২ ঘন্টার অবরোধ কর্মসূচী সফল করার জন্য সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সুন্নী ছাত্র-জনতা এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। বিশেষ করে চট্টগ্রামের সুন্নী মতাদর্শের মাদ্রাসাগুলোর ছাত্রদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ছাত্রসেনা নেতাদের অভিযোগ গত ২৬ এপ্রিল ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সুন্নি সমাবেশে অনেক লোকজন নিয়ে যোগ দেওয়ার কারণে গাজীপুরে পরিকল্পিতভাবে তাকে মিথ্যা অপবাদ দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। 

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা কাজী মো. মঈনুদ্দিন আশরাফী, মাওলানা সৈয়দ মো. মছিহুদ্দৌলা, অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুফতি  আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আশরাফুজ্জামান আলকাদেরী,  অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যাপক জালাল উদ্দীন আজহারী, এস এম আবদুল করিম তারেক, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, এম এ সবুর প্রমুখ। 

আল্লামা আশরাফী বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি দেশে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার এত বছর পার হলেও বিচারের কোন অগ্রগতি হয় নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এভাবে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নাই। অথচ, পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয় নি। পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্যমূলক আচরণ করছে আমরা জানিনা। তিনি বলেন, খুনিদের গ্রেপ্তারে গড়িমসি করলে পরবর্তীতে যে কোন পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবে। 

অধ্যক্ষ মাওলানা অছিয়র রহমান বলেন, সুন্নী জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দীনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনও কেন খুনিদের গ্রেপ্তার করা হলো না। ৫ আগস্টের মত পরিস্থিতি আর সৃষ্টি না করতে চাইলে দ্রুত মাওলানা রইস হত্যার বিচার করুন।

অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, আমাদের একটাই দাবি রইস উদ্দিনের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ বিচার। একটি খুনের বিচারের দাবিতে আজ সারা দেশ উত্তাল কিন্তু সরকার কিংবা পুলিশ নির্বিকার হয়ে তাকিয়ে আছে। একজন মসজিদের খতিবকে নৃশংসভাবে হত্যা করা হলো, হত্যাকারীদের গ্রেপ্তার না করে উল্টো তার বিরূদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ১৮ কোটি মানুষের রক্তে আগুন লেগেছে। একমাত্র মাওলানা রইস হত্যার বিচারের মধ্য দিয়ে এ আগুণ নিভবে। তিনি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সুন্নী ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল লালদীঘি ময়দান থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত