‘ব্রিকস নিউক্লিয়ার প্ল্যাটফর্মের’ প্রথম বিশেষজ্ঞ প্যানেল সভা অনুষ্ঠিত

আপডেট : ০৪ মে ২০২৫, ১১:০৮ এএম

ব্রিকস নিউক্লিয়ার প্ল্যাটফর্মের আওতায় আয়োজিত প্রথম বিশেষজ্ঞ প্যানেল সভায় ভারসাম্যপূর্ণ উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর পারস্পরিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা এ তথ্য জানিয়েছে।

চীনে অনুষ্ঠিত এই সভায় বিশেষজ্ঞরা পারমাণবিক শক্তির দক্ষ ব্যবহার, বৈশ্বিক পারমাণবিক শিল্পের সাম্প্রতিক প্রবণতা এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।

পরমাণু শক্তিকে পরিচ্ছন্ন বিদ্যুতের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করে বেইজ লোড ব্যবস্থায় এর ব্যবহার এবং শক্তি বহির্ভূত অন্যান্য খাতে পারমাণবিক প্রযুক্তির প্রয়োগে কর্পোরেট সহযোগিতা বাড়ানোই ব্রিকস নিউক্লিয়ার প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য হিসেবে উঠে আসে।

‘পরমাণু শক্তির উন্নয়নকে প্রভাবিতকারী বিভিন্ন বিষয়’ শীর্ষক এই প্যানেল আলোচনায় ব্রিকস সদস্য এবং অংশীদার দেশগুলোর সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি আসিয়ান সেন্টার ফর এনার্জি এবং ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও অংশ নেন।

নবাগত দেশগুলোর প্রতিনিধিদের জন্য এই সেশনটি ছিল একটি গুরুত্বপূর্ণ সুযোগ—জ্বালানি এবং অ-জ্বালানি খাতে পারমাণবিক প্রযুক্তির উত্তম ব্যবহার, পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ভালো চর্চাগুলো জানার সুযোগ হিসেবে।

চীনের এসএনইউআরডিসি’র ইউরেনিয়াম রিসোর্স বিভাগে উপ-পরিচালক চেন জিন বলেন, ‘নিউক্লিয়ার খাতে তরুণ বিশেষজ্ঞদের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারকারী দেশগুলোর অভিজ্ঞতা জানা অত্যন্ত প্রয়োজনীয়। এই সেশনের মাধ্যমে ব্রিকসভুক্ত বিভিন্ন পরমাণু সংস্থার প্রতিনিধিরা একে অপরের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে যৌথ প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।’

এই সভায় আবারও প্রতীয়মান হয়েছে যে, ব্রিকসভুক্ত ও পার্টনার সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে, যা এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি।

পরবর্তী সেশনটি আগামী ২১ মে ২০২৫, ব্রাজিলে অনুষ্ঠেয় নিউক্লিয়ার ট্রেড অ্যান্ড টেকনোলজি এক্সচেঞ্জ প্রদর্শনী ও সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত