এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, দুই যুবকের কারাদণ্ড

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:৫৭ পিএম

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে মো. রাহাদ ও সুজন মৃধা নামের বহিরাগত দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (৪ মে) দুপুরে বেগম সুফিয়া শওকত কলেজ কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

তাদের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন অনুযায়ী দুটি মামলায় ৪০০ টাকা জরিমানা এবং ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে বিকালে পুলিশি সহযোগিতায় তাদের জেল হাজতে পাঠানো হয়। পাশাপাশি আশেপাশের সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, রবিবার এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত দুই যুবককে নকল সরবরাহ করার সময় আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়েছে। নকলের ব্যাপারে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত