ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। রবিবার (৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে অবৈধ স্থাপনা সরাতে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল সিটি কর্পোরেশন।
স্থানীয়রা জানায়, জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে শিশুপার্ক ও মিনি চিড়িয়াখানার জন্য জায়গা ইজারা নিয়ে তার পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়। সেখানে ছোট ছোট দোকান করে সেগুলো ভাড়া দেওয়া হয়। ৫ আগস্টের পর সেখানে নতুন করে আরও দোকান দিতে শুরু করে দখলদাররা।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অবৈধ এসব স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দেয়। পরে রবিবার দুপুরে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গড়ে তোলা সাতটি দোকান বুলডেজার যন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ বলেন, অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলো অপসারণ করা হয়েছে। মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক যেহেতু ইজারা দেওয়া হয়েছিল তাই সেগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
আ. লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ